প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৪১ পিএম
(ভিজিট : ১২)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়িত ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিনে উদ্যানটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজ রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন এবং নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী শাহে আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রায় দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী এই দৃষ্টিনন্দন উদ্যানটি ব্যবহার করতে পারবেন। জুলাই শহীদ ও জুলাই বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব ও শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণা করার সুযোগ করে দেবে।
প্রতিমন্ত্রী জানান, নতুনভাবে সাজানো এই উদ্যানে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার সুনির্দিষ্ট স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রয়েছে।
এ ছাড়া সচিবালয়সংলগ্ন এই গুরুত্বপূর্ণ স্থানটির সৌন্দর্য আরো বৃদ্ধি করতে এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।