প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম
(ভিজিট : ১৭)
স্বাস্থ্য অধিদপ্তরের ১১ থেকে ২০তম গ্রেডের মাঠ পর্যায়ের প্রায় ৩৫ হাজার শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির অংশ হিসেবে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এ এন এম বজলুর রশীদের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর এ নির্দেশনা জারি করা হয়। এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত এক লাখ ২৭ হাজার ১০১টি অনুমোদিত পদের মধ্যে ৩৬ শতাংশ শূন্য ছিল। প্রথম থেকে নবম গ্রেডে প্রায় তিন হাজার ২০০ চিকিৎসক ও দন্ত চিকিৎসক নিয়োগের পরও ২৪ শতাংশ পদ খালি রয়েছে।
সবচেয়ে বেশি সংকট ১১ থেকে ১৬তম গ্রেডে। স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মেডিকেল টেকনোলজিস্টের ৫৬ হাজার ৯০৮টি পদের মধ্যে ২০ হাজার ৯৯৫টি শূন্য। আর ১৭ থেকে ২০তম গ্রেডে ২৬ হাজার ২৯৫টি পদের মধ্যে ১৩ হাজার ৯৪৫টি পদে জনবল নেই।
স্বাস্থ্যসচিব বজলুর রশীদ বলেন, শূন্য পদগুলো দ্রুত পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রও ইতোমধ্যে পাঠানো হয়েছে।
এদিকে গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগও এগিয়ে নিচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে চার হাজার ৭০০ জন সহকারী সার্জন ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগে আবেদন আহ্বান করেছে।