সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’সহ আটক ২৫৪
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম  (ভিজিট : ১৮)
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াডের’ সক্রিয় চার সদস্য রয়েছেন।

আটক চারজনের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। তিনি নগরীর ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশেমের ছেলে। পুলিশ জানিয়েছে, রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতন তার মামা। রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিকই গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কুমিল্লা নগরীর বিভিন্ন চিহ্নিত এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় ৩৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন রতন গ্রুপের সরাসরি সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আনিক ২০২২ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে তিনি পুনরায় কিশোর গ্যাংয়ের কার্যক্রমে যুক্ত হন বলে পুলিশের দাবি।

গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও ২৫৪ জন আটক হওয়ায় কয়েক দিনের ব্যবধানে আটকের সংখ্যা আরও বেড়েছে।

অভিযান প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডা ও উৎপাতের জন্য চিহ্নিত এলাকাগুলোতে অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]