সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কিন্ডারগার্টেন তদারকিতে আসছে নীতিমালা, নির্ধারণ হবে ন্যূনতম মানদণ্ড
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম  (ভিজিট : ১৩)
দেশের কিন্ডারগার্টেনসহ প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারের তদারকির আওতায় আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ নীতিমালার আওতায় এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার বিষয়ে এরই মধ্যে একটি অ্যাডভাইজরি কমিটি গঠন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি বলেন, ‘অনেক স্কুল হয়েছে। কিন্তু অনেক স্কুল কমে যাক, এটাও আমরা চাই না। আমরা চাই সবার কাছে যেন অ্যাকসেস টু এডুকেশন থাকে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু কেউ যেন আবার এডুকেশনের নামে অসৎ ব্যবসা করতে না পারে।’

কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করতে নীতিমালায় ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সেই সার্ভিসটা ঠিকভাবে দিতে হবে। সো সেটা আমাদের মনিটরিংয়ের অধীনে এখন আনা হবে। ঐ মনিটরিংয়ের অধীনে আনার জন্য নীতিমালাগুলো কত স্ট্রিক্ট হবে, আমরা মিনিমাম স্ট্যান্ডার্ডগুলো সেট করতে চাই।’

নীতিমালা অতিরিক্ত কঠোর হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এবং এতে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে বলে উল্লেখ করেন ববি হাজ্জাজ। সরকার এমন পরিস্থিতি চায় না জানিয়ে তিনি বলেন, কীভাবে ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

বেসরকারি স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার সময়সীমা হিসেবে আপাতত ২০২৮ সাল নিয়ে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ‘আমরা তাদের ওপরে একটা সর্ট অব সময় নির্ধারণ করে দিচ্ছি। আপাতত এখনো সবকিছু যেহেতু ফাইনাল হয়নি, আমরা আলোচনায় আছি যে ২০২৮।’

শুধু কিন্ডারগার্টেন নয়, প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সব ধরনের প্রতিষ্ঠানকেই পর্যায়ক্রমে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাইমারি এডুকেশন যত ধরনের ইনস্টিটিউশন দিচ্ছে, তাদের সবাইকে সুনার অর লেটার আমরা আমাদের মনিটরিংয়ের অধীনে নিয়ে আসবো।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]