প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম
(ভিজিট : ১৫)
বিরোধী দলে যাওয়ার পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অপকর্ম করার সুযোগ পাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তবে জামায়াত-শিবির পাল্লা দিয়ে অপকর্মে সম্পৃক্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছি। প্রতিদিন গণমাধ্যমের খবর হয়েছেন কোনো না কোনো নেতা। তবে ইদানীং সেটা আর পরিলক্ষিত হচ্ছে না।
মনে হচ্ছে, সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না।’
এনসিপি নেতারা যখন-তখন সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যা খুশি তা-ই করতে পারছে না বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে। এটা অবশ্যই একপ্রকার ভালো।’
এদিকে অপকর্মে জামায়াত-শিবিরের ক্ষেত্রে ভিন্ন মনে হচ্ছে রাশেদ খানের কাছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এত অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছেন।’
সরকারি দলের পরিবর্তে বিরোধী দলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছেন। বিরোধী দলে থেকে এমন বেপরোয়া হতে পারলে এরা (জামায়াত-শিবির) ক্ষমতায় গেলে আওয়ামী লীগকেও হার মানাবে—মানুষ এমনটা লিখছেন বলে দাবি করেন রাশেদ খান।
তিনি বলেন, ‘শুধু এতটুকুই বলব, সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ছয় মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলেও ছয় মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টি হোক।’