প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৫০ এএম
(ভিজিট : ২৩)
পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহাদাত, যুগ্ম আহ্বায়ক ইফতেখার এবং সুমন ওরফে ‘চায়না সুমনকে’ প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বহিষ্কৃতদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।