সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


স্বাধীনতার ঘোষণার সেই কালুরঘাট বেতার কেন্দ্র রক্ষায় প্রকল্প নেবে সরকার
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম  (ভিজিট : ১৮)
চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে একটি প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার সকালে এই বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান ,এখান থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, বন্যার সময় এই স্থাপনায় পানি ঢুকে যাওয়ার তথ্য তার কাছে পৌঁছেছে, আর সে কারণেই ঐতিহাসিক এই কেন্দ্রটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করার কথা জানান তিনি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ এবং কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে সরকারের পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইনের আওতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইনে রিলস তৈরিকারীদের সচেতন ও প্রশিক্ষিত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য একটি নিউ মিডিয়া প্রজেক্ট চালু করা হয়েছে, পাশাপাশি সচেতনতামূলক তথ্যচিত্র তৈরি করে সেগুলো প্রচার করা হচ্ছে যাতে মানুষ অপতথ্য থেকে দূরে থাকতে পারে। এ ছাড়া ভুয়া তথ্য যাচাইয়ের জন্য নতুন কিছু প্রযুক্তিগত টুল তৈরির চেষ্টাও চলছে বলে জানান তিনি, যার মাধ্যমে ফ্যাক্ট-চেকিং করে জনগণকে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

পিছিয়ে পড়া রেডিও ও সম্প্রচার মাধ্যমকে সক্রিয় করার প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বেতারের এফএম সম্প্রচার আরও শক্তিশালী করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম বেতার কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আগের দিনই কথা বলেছেন বলে জানান তিনি, এবং তাদের দেওয়া পরামর্শগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিটিভির আধুনিকায়ন নিয়ে এক প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী জানান, বিটিভিতে একটি ফরেনসিক অডিট শুরু হবে আগামী ১০ দিনের মধ্যে। এই অডিট প্রতিবেদনের ভিত্তিতেই বিটিভির ডিজিটালাইজেশনসহ অনুষ্ঠান মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া বিটিভির জনপ্রিয় সিগনেচার অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'-কে আরও আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তার প্রত্যাশা, এ ধরনের অনুষ্ঠান বাড়ানো গেলে দর্শকদের মধ্যে বিটিভি দেখার আগ্রহ আরও বাড়বে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]