বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‘ফার্মের মুরগি’ স্লোগানে ফের সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবস্থান
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:১৮ পিএম  (ভিজিট : ১৩)
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সায়েন্স ল্যাবে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে তারা সেখান থেকে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় তারা ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’ স্লোগানও দেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]