প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম
(ভিজিট : ১১)
রাজধানীর সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিলুফার ইয়াসমিনের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অবসাদগ্রস্ত ছিলেন বলে পরিবারের লোকজনরা জানিয়েছে।
আজ রবিবার (২৮ জুন) ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পরে সংবাদ পেয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা আজ সকালে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢামেক মর্গে পাঠানো হয়।
মৃতার স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোতে কর্মরত। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে।
পুলিশের স্ত্রী নিলুফার ইয়াসমিন এক মেয়ে আফিয়াকে (৭) নিয়ে দক্ষিণগাঁও শাহীবাগ এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তাদের ছেলে আরাফাত (১০) আবাসিক মাদরাসায় পড়াশোনা করত।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, তিনি যেকোনো বিষয় নিয়ে মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন। আর মাদরাসায় তাদের সন্তান ঠিকমতো পড়াশোনা করত না। এসব নানা বিষয়ে দুশ্চিন্তা করে মানসিকভাবে বিপযর্স্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামের নুর ইসলামের মেয়ে মৃত নিলুফার ইয়াসমিন। বর্তমানে দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীতে হাসেম মন্ডলের ভাড়া বাসায় থাকতেন।