বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


১৮ আইন কর্মকর্তার পদত্যাগ টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি : ব্যারিস্টার বাদল
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২৫ পিএম  (ভিজিট : ৬)
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তার পদ থেকে হঠাৎ ১৮ জনের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল।

আজ বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

এর আগে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের ১৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন। তারা সবাই জামায়তপন্থী হিসেবে পরিচিত। চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাদের নিয়োগ দিয়েছিল। পদত্যাগকারীদের মধ্যে ৭ জন ডেপুটি ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।

জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের কারণ উল্লেখ করা হয়েছে সবার পদত্যাগপত্রে।

তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের নিয়োগ এমনিতেই বাতিল করা হতো বা তাদের অপসারণ করা হতো। যে কারণে আগেভাগেই তারা পদত্যাগ করেছেন।’

সুপ্রিম কোর্টে রাষ্ট্র বা সরকারে পক্ষে মামলা পরিচালনার জন্য ১৯৭২ সালের বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশের অধীনে আইন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার।

রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
ব্রিফিংয়ে বিএনপির আইন সম্পাদক বলেন, ‘যখনই সরকার পরিবর্তন হয়, তখনই এসব আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এটাই নিয়ম। এমনও দেখেছি নির্বাচন (সংসদ নির্বাচন) হওয়ার পর যখন দেখা গেছে অন্য দল ক্ষমতায় আসছে, তখন সরকারদলীয় যারা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেলসহ তারা পদত্যাগ করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো, আমাদের যে বন্ধুরা পদত্যাগ করেছেন, তারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে চার মাস কাজ করেছেন। বেতন নিয়েছেন, সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ব্যবহার করেছেন।’

পদত্যাগ না করলে তাদের অপসারণ করা হতো জানিয়ে ব্যারিস্টার বাদল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) তাদের মনে হলো, এখন আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ (অপসারণ) হবেন। এ জন্য তারা রাজনৈতিক কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন, যেটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে, তাদের এই বক্তব্যটা (পদত্যাগপত্রে পদত্যাগের যে কারণ উল্লেখ করা হয়েছে) টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি। রাজনৈতিকভাবে প্রভাবিত, যেটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি।’

বিএনপি সরকার গঠনের পর পদত্যাগের আগ পর্যন্ত পদত্যাগকারীরা সরকারের আইন কর্মকর্তা হিসেবে যেসব কাজ করেছেন, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে খোঁজখবর নেওয়ার আহ্বান জানান বদরুদ্দোজা বাদল।

একই সঙ্গে তিনি বলেন, ‘সরকারের কাছ থেকে বেতন-ভাতা, সুযোগ-সুবিধা সব নিয়ে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নিলেন। অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছেন বলে মনে হয়নি। সরকারের বিরুদ্ধে কাজ করেছেন বলেই মনে হয়। এ জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসব ভিত্তিহীন অভিযোগ তারা এনেছেন, যেটা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]