প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম (ভিজিট : ৩০০)
বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নড়েচড়ে বসেছে। বাংলাদেশি পেসারের পাশে দাঁড়িয়ে একের পর এক ক্রিকেটার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।
তামিম ইকবাল-মাশরাফি বিন মর্তুজার পর এবার সুষ্ঠু তদন্তের দাবি রেখেছেন তাইজুল ইসলামও। জাহানারার সাক্ষাৎকার দেখে স্তব্ধ হওয়ার কথা জানিয়ে আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘বোন জাহানারা আলমের ইন্টারভিউ দেখে স্তব্ধ ও মর্মাহত।
কোনো নারী বা ব্যক্তির সঙ্গে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’
ইতিমধ্যে অবশ্য তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। যদিও জাহানারার সর্বশেষ সাক্ষাৎকারের আগে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জু-বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দেওয়া অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেট বোর্ড। তবে যৌন নির্যাতনের বিষয় সামনে আসতেই টনক নড়েছে বিসিবিরও।
সে যাই হোক বিসিবির তদন্ত যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে ক্রীড়াঙ্গনে সেই চাওয়া তাইজুলের। তিনি লিখেছেন, ‘আমার বিশ্বাস দ্রুত তদন্ত শেষে, সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি। যা অনুকরণীয় হয়ে থাকবে। নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা, বোন ও মানুষ।’
অন্যদিকে জাহানারার অভিযোগকে মিথ্যা বলে জানিয়েছেন মঞ্জুরুল। গতকাল বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক নির্বাচক ও ম্যানেজার বলেছেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’