প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম (ভিজিট : ৩৭১)
নির্বাচনী প্রচারণায় অস্ত্রের মহড়া, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর বাউফলে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার (৩৪) এবং আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাবুদ্দিন (৪৫)।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মামুন হাওলাদার এলাকায় ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় ৮টি মামলায় তদন্ত চলছে। এসব মামলার মধ্যে রয়েছে অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিপক্ষকে হুমকি ও মারধর, ভাঙচুরসহ একাধিক অভিযোগ। শাহাবুদ্দিনের বিরুদ্ধেও একই ধরনের অপরাধের অভিযোগ পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন বলেন, “বাউফল থানা পুলিশের আবেদনের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়।”
বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।”
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।