প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম (ভিজিট : ৪০৮)

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে ক্লেমোরে উদ্বোধন হলো ১৯ নম্বর “স্ট্রিট লাইব্রেরি”। পাঠাভ্যাস, জ্ঞানবিনিময় ও সামাজিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই কমিউনিটি উদ্যোগটি ২৫ অক্টোবর (শনিবার) বিকেলে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, এনডিসি অ্যালামনাই সভাপতি সাইমন হোসেন, লেখক গ্লেন কোসার, মিনা স্কানদারি, কমিউনিটি নেতা মো. শফিকুল আলম, গামা আবদুল কাদির, ড. মো. সিরাজুল হক, লি নিনহ্যাম সহ আল-ফয়সাল কলেজের প্রতিনিধিরা। লাইব্রেরির নান্দনিক সজ্জা ও আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় মরতেজা ইব্রাহিমি এবং আল-ফয়সাল কলেজের শিক্ষার্থীদের, যাদের সৃজনশীল প্রচেষ্টা অনুষ্ঠানটিকে বর্ণিল রূপ দেয়।

কলেজ প্রধান সোনালি লুথরার শিক্ষা ও কমিউনিটি উন্নয়নে অবদানেরও প্রশংসা করা হয়। সমাপনী বক্তব্যে এ-বি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অ্যাশ বলেন, প্রতিটি স্ট্রিট লাইব্রেরি জ্ঞানের আলো ছড়ানোর এক একটি প্রদীপ। বইয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ পড়বে, শিখবে এবং সংযুক্ত থাকবে। ক্যাম্পবেলটাউন অঞ্চলে ক্রমবর্ধমান স্ট্রিট লাইব্রেরিগুলো আজ বইপড়ার সংস্কৃতি ও কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে।